ঢাকা, বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

জকসু নির্বাচন: প্রচারণায় সরগরম ক্যাম্পাস, প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি

ads

প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে গত ১৫ ডিসেম্বর। প্রথম দিনের প্রচারণায় ক্যাম্পাসজুড়ে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। এ সময় নিজেদের প্যানেলের পক্ষে শিক্ষার্থীদের কাছে ভোট চেয়ে নানা প্রতিশ্রুতি দেন প্রার্থীরা।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট চারটি প্যানেল ও বিভিন্ন পদে অর্ধশতাধিক স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেলগুলোর মধ্যে কেন্দ্রীয় সংসদে বামপন্থী রাজনৈতিক ছাত্রসংগঠন সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’, ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ এবং ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল রয়েছে। এছাড়া হল সংসদে ‘রোকেয়া পর্ষদ’সহ স্বতন্ত্র প্যানেল থেকেও প্রার্থীরা নির্বাচন করছেন। পাশাপাশি বিভিন্ন পদে স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন।


বিভিন্ন ছাত্রসংগঠনের প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা, আবাসন সমস্যার সমাধান এবং গবেষণা ও অবকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। একই সঙ্গে দ্বিতীয় ক্যাম্পাসের কাজকে অগ্রাধিকার দেওয়া, আন্তর্জাতিক মানের সিলেবাস প্রণয়ন এবং জকসুকে একাডেমিক ক্যালেন্ডারের অংশ হিসেবে প্রতিষ্ঠা করার কথা জানাচ্ছেন প্রার্থীরা।‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেলের জিএস পদপ্রার্থী ইভান তাহসীব বলেন, ‘প্রথম দিনের প্রচারণায় ব্যাপক সাড়া পেয়েছি। নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের আগ্রহ চোখে পড়ার মতো। প্রশাসনের কাছ থেকে শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমাদের লড়াই অব্যাহত থাকবে।’


তিনি আরও বলেন, ইশতেহারে জকসুকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা, ক্যাম্পাসে যৌন নিপীড়নবিরোধী সেল কার্যকর করা, ক্যান্টিনে খাবারের মান উন্নত করে তিন বেলা মিল চালু করা, প্রতিটি বিভাগের সেমিনারে প্রয়োজনীয় বই নিশ্চিত করা এবং বিভাগভিত্তিক বাজেট বৈষম্য দূর করার অঙ্গীকার রয়েছে।


‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের এজিএস পদপ্রার্থী বি এম আতিকুর রহমান তানজিল বলেন, ‘শিক্ষার্থীরা আমাদের সাদরে গ্রহণ করছে। অতীতে যেমন শিক্ষার্থীদের পাশে ছিলাম, ভবিষ্যতেও তেমনই থাকব। জবিয়ানদের প্রতিটি সংকট নিরসনে আমরা কাজ করে যাব।’ তিনি আধুনিক ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণকে তাদের মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করেন।


‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলের ভিপি পদপ্রার্থী কিশোয়ার আনজুম সাম্য বলেন, ‘আমরা প্রতিশ্রুতি নয়, কর্মপরিকল্পনা দিচ্ছি। এর মধ্যে রয়েছে ইন্ডাস্ট্রি ও একাডেমিক কোলাবোরেশন, আন্তর্জাতিক মানের সিলেবাস, শিক্ষার্থীদের জন্য ইনস্যুরেন্স ব্যবস্থা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সমন্বিত অ্যাপ তৈরি।’


অন্যদিকে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি পদপ্রার্থী মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। শিক্ষার্থীদের কল্যাণে ও সুশিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমাদের প্যানেল কাজ করবে।’


স্বতন্ত্র ভিপি প্রার্থী মো. রাকিব হাসান বলেন, স্বতন্ত্র প্রার্থী হওয়ায় প্রচারণা চালাতে তাকে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। তিনি জানান, ব্যালট পেলে ইশতেহারসহ তার কর্মপরিকল্পনা লিখিত আকারে সহজেই সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হতো। কিন্তু ব্যালট না পাওয়া, কোনো প্যানেল না থাকা এবং পরিচিত মুখ না হওয়ায় বিশেষ করে নারী শিক্ষার্থীদের কাছে প্রচারণা চালানো কঠিন হয়ে পড়েছে। ব্যালট হাতে থাকলে প্রচারণা অনেকটাই সহজ হতো বলেও মন্তব্য করেন তিনি। তবুও এসব সীমাবদ্ধতার মাঝেও তিনি এককভাবে শিক্ষার্থীদের কাছে গিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।


প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশনের প্রকাশিত চূড়ান্ত তালিকা অনুযায়ী কেন্দ্রীয় সংসদের ২১ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫৭ জন প্রার্থী। হল সংসদে ১৫ পদের বিপরীতে রয়েছেন ৩৩ জন প্রার্থী। প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য জকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৭২৫ জন।


এদিকে গত ৫ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ ডিসেম্বর জকসুর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ভূমিকম্প আতঙ্কে শিক্ষার্থী ও প্যানেলগুলোর দাবিতে গত ২৩ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত ছুটি এবং ৩০ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়।


পরে গত ৪ ডিসেম্বর নতুন তফসিল ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন তফসিল অনুযায়ী, ১৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ১৩ দিন চলবে নির্বাচনী প্রচারণা। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর এবং ভোটগণনা ও ফলাফল ঘোষণা করা হবে ৩০ অথবা ৩১ ডিসেম্বর।

ads
ads
ads

Our Facebook Page